insta logo
Loading ...
×

১০ দিন মিড-ডে মিলের হাঁড়ি চড়েনি ঝালদার স্কুলে, তদন্তের নির্দেশ বিডিও-র

১০ দিন মিড-ডে মিলের হাঁড়ি চড়েনি ঝালদার স্কুলে, তদন্তের নির্দেশ বিডিও-র

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

মিড-ডে মিলের রান্না করা খাবার নয়। তার পরিবর্তে পড়ুয়াদের হাতে বিস্কুটের প্যাকেট ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠল ঝালদার একটি স্কুলে। ঝালদা ১নম্বর ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগ প্রায় ১০ দিনেরও বেশি দিন ধরে স্কুলে রান্নার হাঁড়ি চাপে নি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিনাশ কুইরি। তবে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝালদা ১ নং ব্লকের ভিডিও
অভীক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” এই ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি অবর বিদ্যালয় পরিদর্শককে। রিপোর্ট হাতে পাওয়ার পর বলতে পারব বিষয়টি ঠিক কী। “

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান স্কুলটিতে দু’জন শিক্ষক রয়েছেন। পড়ুয়ার সংখ্যা ১৪১ জন। তার মধ্যে এসআইআরের কাজে যুক্ত রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বাড়ি বাড়ি ঘুরে
এনুমারেশন ফর্ম দেওয়া-নেওয়ার কাজ করছেন। অভিভাবকদের দাবি, পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে স্কুলে চালু হয়েছে মিড- ডে মিল। কিন্তু তা না করে কয়েক দিন ধরে পড়ুয়াদের বিস্কুটের প্যাকেট ও কাঁচা ডিম দেওয়া হচ্ছে। এই অভিযোগ ওঠার পর ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সারথি মুড়া ওই স্কুলে যাবেন বলে জানিয়েছেন।

Post Comment