নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
স্পেশাল ২৬ সিনেমার গল্প যেন অভিনীত হলো পুরুলিয়া জেলার কোটশিলায়। সেই যে অক্ষয় কুমার, অনুপম খের সহ অন্যান্যরা কখনও সিবিআই, কখনও ইনকাম ট্যাক্স অফিসার সেজে রেড করতেন। বাস্তবেও হলো তাই। আয়কর বিভাগের নামে ভুয়ো পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোটশিলা থানার এলাকায়। গত মঙ্গলবার ভর সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটে কোটশিলা থানার বামনিয়া গ্রামের একটি বিড়ি কোম্পানির মালিক কিরিটি কুমারের বাড়িতে। ৭ জন পুরুষ ও ১ জন মহিলা মিলে মোট আটজন তার বাড়িতে ঢোকে। আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয় তারা।প্রথমে বিড়ি মালিক ও তার পরিবারের সকলের মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। তার পর তাদের ভেতরে রেখে বাড়িতে তন্ন তন্ন করে শুরু হয় তল্লাশি। ভেঙে ফেলা হয় একাধিক আলমারি ও সিন্দুক। লন্ডভন্ড করে দেয় সবকিছু। নগদ সাড়ে সাত লক্ষ টাকা ও বিপুল পরিমাণে সোনার গয়না নিয়ে যায়। তিনি ও তার পরিবার ভাঙচুরে বাধা দিলে তাদের শাসানো হয়। লুঠপাট চালিয়ে ফিরে যাওয়ার সময় ভুয়ো সিজার লিস্ট ধরিয়ে বেরিয়ে পড়ে তারা। যাওয়ার সময় দুষ্কৃতীরা কিরীটি কুমারের একটি চার চাকার গাড়িটি এবং তার চালককেও সঙ্গে করে নিয়ে যায়।

কিরীটি বাবু জানান, “ভেবেছিলাম তারা থানায় গিয়েছে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর থানায় ফোন করে বিষয়টি জানাই। তার পরেই বুঝতে পারি আসল ঘটনা। তারা যে নকল আয়কর আধিকারিক, সেটা বুঝতে পারি।”
রাতেই পুলিশ তদন্তে নেমে যায়। রাতে রাঁচির জোনা বাজারে চলে যায় পুলিশ। সেখান থেকে চালক সহ গাড়িটিকে উদ্ধার করে।ইতিমধ্যে বামনিয়া ঝালদা হয়ে ঝাড়খণ্ড সীমানা পর্যন্ত বেশ কিছু সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান ঝাড়খণ্ড থেকেই এসেছে ওই দুষ্কৃতীরা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নব নির্মিত ওই বাড়িতে এখনও নির্মাণের কাজ চলছে। ফলে সেখানে থাকা সিসি ক্যামেরাগুলি সব অচল ছিল। তাসত্বেও দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।

বুধবার ঘটনাস্থলে যান পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়,অতিরিক্ত পুলিশ সুপার যোধাবর অবিনাশ ভীমরাও সহ জেলা পুলিশের আধিকারিকরা।
পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন,” আয়কর দফতরের পরিচয় দিয়ে কিছু লোক এসেছিল। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”
এদিকে চালককে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ।











Post Comment