নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
পানীয় জলের সংকট ঘিরে চরম অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ঝাড়বাগদা মোড়ে রাজ্য সড়কে হাঁড়ি-কলসি রেখে পথ অবরোধে বসেন এলাকার মহিলারা। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর ব্লক প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ।
অবরোধকারীদের অভিযোগ, ঝাড়বাগদা গ্রামের মাঝি কুলিতে প্রায় পঞ্চাশটি পরিবারের পানীয় জলের ভরসা একমাত্র টাইম কল। তবে সেটিতেও প্রায়শই জল সরবরাহ বন্ধ থাকে। বিকল্প হিসেবে এলাকায় কোনও টিউবওয়েলও নেই। ফলে বাধ্য হয়ে প্রতিবেশী পাড়া থেকে জল আনতে হয়, যেখানে প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হতে হয় মহিলাদের।

স্থানীয়রা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে বারবার পানীয় জলের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান মেলেনি। সম্প্রতি দু’দিন ধরে টাইম কলে এক ফোঁটাও জল আসছে না। ফলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
সকালে মানবাজার মানভূম কলেজের পাশে মানবাজার-বরাবাজার রাজ্য সড়কে হাঁড়ি-কলসি নিয়ে বসে পড়েন মহিলারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। রাস্তার দুই পাশে আটকে পড়ে একাধিক বাস ও ছোট গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর।
তিনি জানান, “অবরোধের খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারি, পাইপ লাইনের ভালভে লিকেজ হওয়ায় গত দু’দিন ধরে জল সরবরাহে বিঘ্ন ঘটেছে। পাইপ লাইনের মেরামতির কাজ চলছে। আপাতত গ্রামে ট্যাংকারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়েছে।”
বিডিও-র আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। তবে স্থানীয়দের বক্তব্য, বারবার আশ্বাসে আর আস্থা নেই। চাই স্থায়ী সমাধান। না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।










Post Comment