insta logo
Loading ...
×

স্কুলেই ডব্লিউ ডব্লিউ ই, তুমুল ফাইট শিক্ষকে শিক্ষকে!

স্কুলেই ডব্লিউ ডব্লিউ ই, তুমুল ফাইট শিক্ষকে শিক্ষকে!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

স্কুলেই ডব্লিউ ডব্লিউ ই। সাজানো গোছানো শিক্ষাঙ্গণে শিক্ষকে শিক্ষকে মারপিট! একেবারে ছাত্রছাত্রীদের সামনেই স্কুল চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার পুরুলিয়ার বলরামপুর থানার যসুডি গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে। ঘটনায় যুযুধান দুই শিক্ষক একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

অভিযোগকারী শিক্ষক রাজেশ কুমার মণ্ডল পুলিশকে জানান, সোমবার দুপুরে সহকর্মী শিক্ষক শুভ্র প্রকাশ গোস্বামী তাঁর উপর চড়াও হন। কখনও চুলের মুঠি ধরে, কখনও আবার জামার কলার চেপে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তাঁর। রাজেশবাবুর দাবি, এর আগেও একবার ক্রিকেট ব্যাট দিয়ে তাঁকে আক্রমণ করেছিলেন শুভ্রবাবু। আহত হয়ে প্রথমে বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্র ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে চিকিৎসা করান তিনি।

অন্যদিকে, বলরামপুর থানায় পাল্টা অভিযোগ করেছেন শিক্ষক শুভ্র প্রকাশ গোস্বামীও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর দাবি, রাজেশবাবু তাঁকে উদ্দেশ্য করে বহুদিন ধরেই কুরুচিকর মন্তব্য করতে থাকেন। প্রতিবাদ করলেই শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয় তাঁকে। সোমবারও নাকি একইভাবে তাঁকে মারধর করা হয়েছে।

ঘটনায় হতবাক পড়ুয়া, অভিভাবক থেকে গ্রামবাসীরা। শিক্ষকদের এই আচরণে তীব্র নিন্দা করেছেন এলাকার মানুষ। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, ‘‘এই অবস্থায় আমাদের ছেলে-মেয়েরা স্কুলে গিয়ে কী শিখবে?’’

পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত এই বিদ্যালয়ের চেয়ারম্যান পদাধিকারবলে পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপল কুমার ঘোষ। বিষয়টি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও, তিনি সাড়া দেননি।

Post Comment