নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে নতুন যুগের সংমিশ্রণে ঝালদা পৌরসভা পেল এক ঝকঝকে আধুনিক ভবন। সোমবার ভবনটি ভার্চুয়ালি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
১৮৮৮ সালে যাত্রা শুরু করা ঝালদা পৌরসভা এবার নতুন দিশার দিকে এগোচ্ছে। পুরনো ভবনের পাশে নির্মিত নতুন ভবনে রয়েছে কাউন্সিলারদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বৈঠককক্ষ, আধিকারিকদের আলাদা অফিস, পুরপ্রধান ও উপ পুরপ্রধানের আধুনিক দপ্তর। নাগরিক সুবিধার কথা মাথায় রেখে এখানে উন্নতমানের শৌচাগারও স্থাপন করা হয়েছে।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস, পুরপ্রধান সুরেশ আগরওয়াল, উপ–পুরপ্রধান সুদীপ কর্মকার এবং অন্যান্য কাউন্সিলার ও বিশিষ্টজনেরা।
পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানান, “বিভিন্ন তহবিল থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বরাদ্দে এই ভবনটি নির্মিত হয়েছে। এবার থেকে এক ছাদের তলায় মিলবে সব পৌর পরিষেবা, যা নাগরিকদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী হবে।”











Post Comment