নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেল। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাওয়ায় বর্ষার জোর কিছুটা কমেছে জেলাজুড়ে। পুরুলিয়ার বিভিন্ন ব্লকে শনিবার বৃষ্টিপাত হয়েছে কোথাও হালকা, কোথাও ছিটেফোঁটা। কোথাও আবার বৃষ্টির দেখা পর্যন্ত মেলেনি।
জেলা কৃষি দপ্তরের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়। ওই দিন ঝালদায় রেকর্ড করা হয়েছে ২০.২ মিলিমিটার বৃষ্টিপাত। তার পরেই রয়েছে কাশীপুর ১৫.৪ মিমি ও পুঞ্চা ১৪.০ মিমি। মানবাজারেও বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলকভাবে কিছুটা বেশি — ১৩.০ মিলিমিটার।
অন্যদিকে বাঘমুন্ডি, বলরামপুর ও বরাবাজার — এই তিনটি ব্লকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি বলে রিপোর্টে জানা গিয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে হাতোয়াড়া ৬.৪ মিমি, জয়পুর ৫.৪ মিমি, পাড়া ৬.৪ মিমি, সাঁতুড়ি ৪.২ মিমি, নিতুড়িয়া ৩.০ মিমি ও হুড়ায় ১.৪ মিমি।
গোটা জেলার শনিবারের গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৬.৮৮ মিলিমিটার, যা গত কয়েক সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, ঘূর্ণাবর্তটি উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির মাত্রা কমবে। আগামী কয়েক দিনও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
তবে আবহাওয়া কিছুটা হলেও মনোরম ছিল। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।











Post Comment