নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ইদানিং প্রকৃতি প্রেমী ও ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পাহাড়, ঝরনা, অরণ্য ও পাখির কলতানে ভরপুর এই পাহাড়ি জনপদ এখন পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে এক নবআবিষ্কৃত রত্ন— মাছকান্দা জলপ্রপাত।
এতদিন পর্যন্ত অযোধ্যা পাহাড় মানেই পর্যটকদের মনে ভেসে উঠত আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ড্যাম, ময়ূর পাহাড় বা বামনী ফলসের নাম। কিন্তু সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম— মাছকান্দা ফলস, যা তার প্রাকৃতিক সৌন্দর্যে ইতিমধ্যেই পর্যটকদের মনে জায়গা করে নিতে শুরু করেছে।
এই মনোমুগ্ধকর জলপ্রপাতটি অবস্থিত খামার–ঝালদা সড়কের কাছেই, তেলিয়াভাষা গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ঝালদা দিক থেকে এলে খামার পেরিয়ে জিলিংসেরেং ও পিটিতিরি গ্রাম অতিক্রম করলেই চোখে পড়বে মাছকান্দার দিকে নির্দেশ করা সাইনবোর্ড।
তবে যাত্রাপথ কিছুটা ঢালু ও পাথুরে অংশ থাকায় সাবধানতা অবলম্বন করা আবশ্যক। যদিও বর্তমানে পাকা রাস্তা নির্মিত হওয়ায় পর্যটকদের যাতায়াতে তেমন অসুবিধা হচ্ছে না।
জলপ্রপাতের জলে সূর্যের প্রতিফলন, চারপাশে অরণ্যের নিজস্ব সংগীত, পাখির কলরব ও পাহাড়ি হাওয়ার মৃদু পরশ মিলিয়ে এক অপূর্ব শান্ত ও রোমাঞ্চকর পরিবেশের জন্ম দেয় এখানে। দুপুরের সূর্যালোকে ঝরনার ফোঁটার ঝলকানি যেন রঙিন পরতের মতো ছড়িয়ে পড়ে আশপাশে, যা চোখে এক স্বর্গীয় দৃশ্যের অনুভূতি এনে দেয়।
অযোধ্যা পাহাড়ের বুকের এই নবআবিষ্কৃত জলপ্রপাত এখন হয়ে উঠেছে এক রোমাঞ্চকর ও প্রশান্তিময় গন্তব্য, যেখানে প্রকৃতির কোলে কয়েক ঘণ্টা কাটিয়ে যে কেউ ফিরে পান নিসর্গের অনন্য শান্তি।











Post Comment