insta logo
Loading ...
×

টোটো-মোটরবাইকের সংঘর্ষে মৃ*ত্যু মহিলার, বলরামপুর- বাঘমুন্ডি সড়কে শিশু সহ ৫ জন দুর্ঘটনায় জখম

টোটো-মোটরবাইকের সংঘর্ষে মৃ*ত্যু মহিলার, বলরামপুর- বাঘমুন্ডি সড়কে শিশু সহ ৫ জন দুর্ঘটনায় জখম

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

ব্যস্ত রাজ্য সড়কে ফের প্রাণঘাতী পথদুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বলরামপুর–বাঘমুন্ডি রাজ্য সড়কের বাঘমুন্ডি থানার অন্তর্গত চাটুয়া গ্রামের কাছে একটি টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। এই দুর্ঘটনায় শিশু-সহ মোট পাঁচজন জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কৈকেয়ী বাগতি (৪৪)। তিনি বাঘমুন্ডি থানার করেং গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে ওই রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি টোটোর সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় রাস্তার উপর ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৈকেয়ী বাগতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

Post Comment