নিজস্ব প্রতিনিধি, বোরো:
নিখোঁজ এক কিশোরীকে নিরাপদে উদ্ধার করল পুলিশ। ঘটনার পর থেকেই উদ্বেগে দিন কাটাচ্ছিল পরিবার, তবে পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র এক দিনের মধ্যেই রহস্যের জট খুলে যায়। পাশাপাশি, অপহরণের অভিযোগে বোরো থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করা হয়। তল্লাশি চালিয়ে বাঁকুড়ার রাইপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবক বছর ছাব্বিশের সন্দীপ কালিন্দীকে গ্রেফতার করে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার ভোরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী প্রতিদিনের মতো টিউশন যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার কোনও খোঁজ মেলেনি। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং পরে জানতে পারে যে সন্দীপ কালিন্দী তাকে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। কিশোরীর মা বুধবার বোরো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে এবং বৃহস্পতিবার কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।











Post Comment