নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:
পুরুলিয়া শহরের জে কে কলেজর মাঠ সাক্ষী থাকছে এক ভিন্নধর্মী ক্রীড়া উৎসবের। জেলার আইনজীবীরা আদালত কক্ষের গম্ভীর পরিবেশ ছেড়ে এবার ব্যাট-বলে মেতেছেন দু’দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায়। পুরুলিয়া জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের অ্যাডভোকেটরা অংশ নিয়েছেন। মোট ৮টি দল মাঠে নেমে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধুত্বকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
সকাল থেকেই জে কে কলেজ ময়দানে ছিল উৎসবমুখর আবহ। আইনজীবীদের তৈরি দলগুলোর কৌশলী খেলা দেখতে উপস্থিত ছিলেন বহু ক্রিকেটপ্রেমী। প্রতিটি ম্যাচে দর্শকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো—উইকেট পড়ার সাথে সাথেই মাঠে ওঠে উচ্ছ্বাসের গর্জন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বিজয়ী ও রানার্স-আপ দল ছাড়াও বেস্ট প্লেয়ার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, এবং টুর্নামেন্ট অফ দ্য ইয়ার—এই চারটি বিশেষ সম্মানে সম্মানিত করা হবে নির্বাচিত খেলোয়াড়দের।
পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র মাহাতো বলেন,
“এই ক্রিকেট প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো আমাদের সকল আইনজীবীর মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি করা এবং কাজের চাপ থেকে একটু দূরে গিয়ে খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আইনজীবীদের অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করেছে। আমরা চাই ভবিষ্যতে আরও বড়ো পরিসরে এই টুর্নামেন্ট হোক।”
পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সদস্য নিরুপম দাস বলেন , ” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল দুর্দান্ত খেলছে। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, সৌহার্দ্য বজায় রেখে সবাই খেলছে—এটাই এই টুর্নামেন্টের মূল সাফল্য। আগামীকাল ফাইনাল। ফাইনাল ঘিরে সবার মধ্যেই প্রবল উত্তেজনা রয়েছে।”











Post Comment