নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দিনের বেলায় গা গরম করা রোদ, আর ভোরে হালকা কাঁপুনি—দুই মেজাজেই ধরা দিচ্ছে পুরুলিয়ার আবহাওয়া। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলায় বৃষ্টিপাত হয়নি। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াসে।
দুপুরের দিকে রোদের তেজে শীতের অনুভূতি অনেকটাই ফিকে হয়ে এলেও ভোর ও রাতের দিকে এখনও ঠান্ডার রেশ রয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তুরে হাওয়ার জোর কমে যাওয়ায় দিনের তাপমাত্রা তুলনামূলক ভাবে বেশি থাকছে। তবে পরিষ্কার আকাশ ও শুষ্ক বাতাসের কারণে রাতের দিকে পারদ আবার দ্রুত নেমে যাচ্ছে।
সব মিলিয়ে, সরস্বতী পুজোর আগেই পুরুলিয়ায় শীত বিদায়ের পথে থাকলেও ভোরের এই ঠান্ডা জানিয়ে দিচ্ছে—মাঘের শেষ ছোঁয়াটা এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি।



Post Comment